আ.লীগের জেলা উপজেলা কার্যালয় ডিজিটাল প্রযুক্তির আওতায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়গুলোতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। সংগঠনের তৃণমূল পর্যায়ের সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের সার্বক্ষণিক যোগাযোগের সুবিধার্থে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।এ জন্য দলটির জেলা ও উপজেলা কার্যালয়ে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার দেওয়া হবে। এ কাজে সহায়তার জন্য কার্যালয়গুলোতে সার্বক্ষণিক একজন কর্মীও নিয়োগ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।গত রোববার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ দলটির কয়েকজন সাংগঠনিক সম্পাদককে নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে দলের প্রতিটি কার্যালয়ে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার দেওয়া এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে প্রতিটি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও আবু সাঈদ আল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্য সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত না থাকলেও তাঁদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, গত নির্বাচনে জনগণ আওয়ামী লীগের ওপর যে আস্থা রেখেছে, তা বজায় রাখতে সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।দলীয় সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে গত রোববার থেকে দলের ধানমন্ডির কার্যালয়ে কাজী জাফর উল্লাহ বসা শুরু করেছেন। তিনি প্রতিদিন সন্ধ্যায় এই কার্যালয়ে বসবেন।সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলকে আরও গতিশীল করার উদ্যোগ নিতে কাজী জাফর উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক বিভিন্ন সমস্যা সমাধানেও তাঁকে উদ্যোগী হতে বলা হয়েছে।এ ছাড়া আগামী ১৩ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু করবেন। এসব বৈঠকের সমন্বয় করবেন কাজী জাফর উল্লাহর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদকেরা।