আ.লীগের জেলা কমিটির নামে দুই পক্ষের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নামে দুটি পক্ষ পৃথকভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে গত শনিবার একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আহ্বানে আরেকটি অনুষ্ঠিত হবে। একই কমিটির নামে দুটি ইফতার মাহফিলের আয়োজন স্থানীয় নেতাদের মতপার্থক্য আবারও প্রকাশ্যে এসেছে।
আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজ ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন মহসিন আলীর স্ত্রী ও সাংসদ সৈয়দা সায়রা মহসিন। শনিবার শহরের শ্রীমঙ্গল সড়কের বেরিরপাড় এলাকায় মহসিন আলীর বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানতে চাইলে মো. ফিরোজ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘নেত্রী কমিটি করে দিয়েছেন। কিন্তু তাঁরা (সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ) অনুমোদিত কমিটি মানেননি। আমাদের পদবি মানা হয় না। আজ পর্যন্ত কমিটির সভা ডাকা হয়নি। তাঁরা নিজেরাই যখন কমিটি মানেন না। তখন কিসের কমিটি। আমরা দল তো ছাড়তে পারব না। বাধ্য হয়ে দলের অস্তিত্ব রক্ষায় কাজ করছি।’
এদিকে জেলা কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ আগামীকাল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের পৌর জনমিলনকেন্দ্রে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
নেছার আহমদ বলেন, ‘জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া জেলা কমিটির নামে ইফতারের আয়োজন করা হয়েছে। এটা বিভ্রান্তিকর। দলের ভেতরে-বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে। হয় গঠনতন্ত্র সম্পর্কে তাঁদের ধারণা নেই, নয়তো তাঁরা বোঝেন না। গঠনতন্ত্রে সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব স্পষ্ট লেখা আছে। আমি বলব, তাঁদের এটা করা ঠিক হয়নি। এটা অগঠনতান্ত্রিক। দলের ক্ষতি করার জন্য তাঁরা এ কার্যকলাপ করছেন। ঈদের পরে সভায় এ নিয়ে আলোচনা করা হবে।’
জেলা কমিটির সভা না ডাকা প্রসঙ্গে নেছার আহমদ বলেন, ‘অনুমোদিত কমিটিতে অনেক নেতা-কর্মীকে বাদ দেওয়া হয়েছিল। তাই আমরা পুনর্বিবেচনার কথা বলেছিলাম। কিন্তু আর পুনর্বিবেচনা করা হয়নি। যে কারণে কার্যনির্বাহী কমিটির সভা করা হয়নি। তবে বিভিন্ন কর্মসূচির আগে কির্মসভা বা বর্ধিত সভা করে কার্যক্রম পরিচালনা করছি। শুক্রবারের ইফতার আহ্বানের আগেও সভা করা হয়েছে। আমাদের কার্যক্রমে সবাইকে সব সময় বলা হচ্ছে।’