আ.লীগের জোরেশোরে প্রচারণা, বিএনপির ঢিমেতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামানের উঠান বৈঠক। গত রোববার রাতে সদরের ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো
ভোলা সদরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামানের উঠান বৈঠক। গত রোববার রাতে সদরের ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো

ভোলা সদর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তাঁরা প্রচারণায় নেমেছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী জোরেশোরে ও বিএনপির প্রার্থী একটু ঢিমেতালে প্রচারণা চালাচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়ন পাওয়ার পর বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ওয়ার্ডে ওয়ার্ডে উঠোন বৈঠক করছেন। বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীরা মিলাদ মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনেকটা ঢিমেতালে প্রচার চালাচ্ছেন।
মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, গত বছর তিনি সব নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন। ভবিষ্যতে তাঁর ইচ্ছা ভোলাকে পর্যটন নগরী হিসেবে তৈরি করবেন, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপিতে এবার যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁরা সবাই নতুন মুখ। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে যাঁরা লড়াই করতে পারতেন, যাঁদের জনসমর্থন আছে, এমন প্রার্থীদের মনোনয়ন দিলে ভালো হতো। এখন যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁরা নামমাত্র প্রচারে আছেন। মেয়র প্রার্থী হারুন অর রশিদের পক্ষে লিফলেট ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে। তিনি মিলাদ মাহফিলে দোয়া চাইছেন।
জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, তিনি শুধু সৌজন্য সাক্ষাৎ ও দোয়া চাইছেন। লিফলেট কারা বিলি করছেন, সে বিষয়েও তিনি কিছু জানেন না, তবে মনোনয়নপত্র দাখিল হলে জোরেশোরে প্রচারে নামবেন। তবে জোরেশোরে প্রচার চলছে দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, সদর পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপির মেয়র প্রার্থী শুভেচ্ছা বিনিময় করছেন। ইতিমধ্যে ৬, ৮, ৯ ও ৫ নম্বর ওয়ার্ডে মিলাদ হয়েছে। অন্যান্য উপজেলায় মনোনয়নপত্র দাখিল করার পরে প্রচার শুরু হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাক্ষরিত মনোনয়নপত্র ইতিমধ্যে প্রার্থীদের কাছে পৌঁছেছে। এখন প্রচারে আর বাধা নেই।