আ.লীগের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে সন্ত্রাসী হামলা চালিয়ে মোজাফ্ফর আহমদকে খুন এবং তাঁর বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত দল গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তদন্ত দলে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুজিবুল হক, শিল্প ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন।
৪ অক্টোবর গভীর রাতে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ বাচা মিয়ার নতুন বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসী হামলায় বাচা মিয়ার ছেলে মোজাফ্ফর আহমদ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মেডিকেলে মারা যান।
এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ উঠলে ১৩ অক্টোবর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের চট্টগ্রাম লালখান বাজারের বাসায় জরুরি বৈঠক হয়। বৈঠকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত দলের নেতারা গতকাল শনিবার সকালে পশ্চিম এলাহাবাদে নিহত মোজাফ্ফর আহমদের স্বজন, প্রত্যক্ষদর্শী, কলেজগেট এলাকায় সংঘটিত ঘটনায় আহত দুই ব্যক্তিসহ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। তাঁরা থানায় গিয়ে মামলায় এজাহারভুক্ত ব্যক্তিদের পরিচিতি এবং বিভিন্ন বিষয় নিয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, তদন্তকালে প্রাপ্ত তথ্য ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।