আ.লীগের তালিকায় রাজাকারপুত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে তালিকা পাঠিয়েছে। এর মধ্যে এক পক্ষের তালিকায় এক রাজাকারপুত্রের নাম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগ দুটি তালিকাই সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছে। এতে উভয় পক্ষের কর্মী ও সমর্থকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাউফল পৌরসভার সঙ্গে সীমানা নিয়ে জটিলতা, মামলা, ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ায় উপজেলা সদর, মদনপুর, নাজিরপুর ও দাশপাড়া ইউপির নির্বাচন এখন হচ্ছে না।
কালিশুরী এলাকার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনসহ ১০-১২ জন মুক্তিযোদ্ধা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল। অথচ সেই দলের পক্ষে কালিশুরী ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য রাজাকার আলাউদ্দিন সিকদারের ছেলে নেছার উদ্দিন সিকদারের নাম পাঠানো হয়েছে। যা খুবই দুঃখজনক।
নেছার উদ্দিন সিকদার অবশ্য দাবি করেন, তাঁকে ও তাঁর পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
দুই পক্ষের কয়েকজন দায়িত্বশীল নেতা বলেন, চিফ হুইপ আ স ম ফিরোজ গত রোববার সভা করে ১১টি ইউনিয়নের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেন। একই দিন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক সভা করে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করেন। দুই পক্ষের তালিকাই জেলা আওয়ামী লীগ সুপারিশ করে গত মঙ্গলবার কেন্দ্রে পাঠিয়েছে।
এর মধ্যে চিফ হুইপের পক্ষের তালিকায় এক রাজাকারপুত্রের নাম রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চার-পাঁচজন বলেন, ‘আলাউদ্দিন সিকদার রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি হিন্দুদের অত্যাচার-নির্যাতন করেছেন।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। আরেক পক্ষে রয়েছেন বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান।