আ.লীগের তিন নেতা-কর্মীর বাড়িতে একযোগে বিস্ফোরণ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার রয়না এলাকায় আওয়ামী লীগের এক নেতা ও দুই কর্মীর বাড়িতে গত শুক্রবার রাতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, কাচের বোতলের ভেতরে পটকা ঢুকিয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়না এলাকার বাসিন্দা ইউনুস আলী, দলীয় কর্মী একই এলাকার সন্তোষ সরকার ও যুগল সরকারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় লোকজন আতঙ্কে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে কোমল পানীয়র কাচের বোতলের ভাঙা অংশ ও বিস্ফোরিত পটকার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। একই সময় ওই তিনটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এলাকার লোকজন জানিয়েছেন। বিস্ফোরকগুলো ওই তিন বাড়ির ফটকে ও সীমানা দেয়ালে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কেন কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বাড়ির মালিকেরা বলতে পারেননি।
ইউনুস আলীর মেয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রী ইতি খাতুন বলে, বিস্ফোরণের সময় তার বাবা বাড়িতে ছিলেন না। তারা ঘরে টেলিভিশন দেখছিল। পরপর দুটি বিকট শব্দ হয়। এতে তারা হতভম্ব হয়ে পড়ে। পরে সবাইকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে দেখে, বাড়ির ফটকে আগুন জ্বলছে। তাঁরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, স্থানীয়ভাবে একই দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। প্রতিপক্ষ আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটাতে পারে।