আ.লীগের তিন নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বসু হত্যার ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।মলয়ের স্ত্রী ববিতা বসু গতকাল বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোট্টি ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইমামুর হোসেন ওরফে তারাকে। এ ছাড়া আসামি হিসেবে আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বকুল মাতুব্বর ও সাবেক সহসভাপতি হাতেম মোল্লাসহ ২১ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও চার-পাঁচজনকে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ সুপারের নির্দেশে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়েছে।ডিবির ওসি মাহবুবুর রহমান বলেন, ডিবির উপপরিদর্শক (এসআই) আবু বক্করকে মলয় হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।পুনর্নির্বাচনের জন্য হত্যা?: আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার প্রথম আলোকে বলেন, গত ২২ জুন ইউপি নির্বাচনে মলয় বসু বিজয়ী হওয়ার পর এলাকায় রটানো হয়, আগামী দু-তিন মাসের মধ্যে আটঘর ইউপিতে আবার নির্বাচন হবে।মৃত্যুর হুমকি পেয়ে গত ১৯ আগস্ট রাতে সালথা থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৬৩৩) করেন মলয়। ওই জিডিতে অভিযোগ করা হয়, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে আটঘরের গৌড়দিয়া বাজারে একটি চায়ের দোকানে মো. ইমামুল হোসেন, বকুল মাতুব্বর, শের খানসহ নয় ব্যক্তি সমবেত হন। তাঁরা প্রকাশ্যে হুমকি দেন, ‘মলয় বসুকে খুন করে আটঘর ইউনিয়নে পুনরায় নির্বাচন করা হবে।’জীবনের নিরাপত্তা চেয়ে ২৪ নভেম্বর ফরিদপুরের পুলিশ সুপারের কাছে আবেদন করেন মলয়। অনুলিপি দেন প্রধানমন্ত্রী, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে।৩০ ডিসেম্বর আটঘরের সারুকদিয়া গ্রামে মলয়ের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই ঘটনার পর মলয় তাঁর পরিবার নিয়ে ফরিদপুর শহরে গোয়ালচামট মহল্লায় বসবাস শুরু করেন। হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বকুল মাতুব্বরসহ নয়জনের বিরুদ্ধে ৯ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মলয়।ওই মামলায় মলয়ের আইনজীবী দিলীপ কুমার মিত্র বলেন, মলয় হত্যাকাণ্ডের আগের দিন গত সোমবার কয়েকজন আসামি আদালতে হাজির হয়ে মুচলেকা দেন। এ ব্যাপারে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতা মো. ইমামুর হোসেন ও বকুল মাতুব্বরের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান মলয়ের নিরাপত্তার ব্যাপারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন গ্রামে সমাবেশ করাসহ আমার পক্ষে যতটুকু করার করেছি। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমরা মলয়কে বাঁচাতে পারিনি।’