আ.লীগের তিন প্রার্থীতে ক্ষুব্ধ দলের নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস
জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে আওয়ামী লীগের তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান, বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস এবং আওয়ামী লীগে নবাগত সাবেক বিএনপির নেতা ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম। এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাচোল উপজেলা মহিলা আওয়ামী লীগের এক নেত্রী নাম প্রকাশ না করার শর্তে এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথম আলোকে বলেন, ‘তিনজন মনোনয়নপত্র দাখিল করায় আমরা ক্ষুব্ধ। এ নিয়ে তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশাও বিরাজ করছে। বিশেষ করে সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করায় এবং এর আগে তাঁর সমর্থক নেতা-কর্মীরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে যেভাবে সংবাদ সম্মেলন করে নানা অপপ্রচার চালিয়েছেন, তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান সাবেক যুবলীগের নেতা মজিবুর রহমান বলেন, সাংসদ গোলাম মোস্তফা নিজে এবং তাঁর সমর্থকেরা যা করছেন, তাতে তৃণমূলের নেতা–কর্মীরা অসন্তুষ্ট। দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে নিয়ে আসা ঠিক নয়।
এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে মাঠপর্যায়ের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, যা হয়েছে, এটা মোটেও ঠিক নয়। অনেকেই মনে করেন, জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাসকে বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির অন্য কাউকে মনোনয়ন দেওয়া উচিত। তাহলে হয়ত দলের ভাবমূর্তি কিছু রক্ষা হবে।
তবে জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিপক্ষের এসব তৎপরতায় নির্বাচনে কোনো বিরূপ প্রভাব পড়বে বলে মনে করি না। যদিওবা পড়ে, তা অতি নগণ্য।’
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ‘মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে, এ আশায় মনোনয়নপত্র দাখিল করেছি। তবে মনোনয়ন পুনর্বিবেচিত না হলে দলের পক্ষেই ঝাঁপিয়ে পড়ে কাজ করব।’ তবে এর আগে তাঁর সমর্থক স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমানের মনোনয়ন বাতিলের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আমার কোনো হাত নেই। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এ সংবাদ সম্মেলন করেছেন।’