আ.লীগের তিন প্রার্থীর নির্বাচন বর্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ির একটি কেন্দ্রে জাল​ ভোট দেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে হাজির হলে ব্যালট পেপার ফেলে পালিয়ে যান তাঁরা। গতকাল বেলা পৌনে তিনটায় তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের ফটিকছড়ির একটি কেন্দ্রে জাল​ ভোট দেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে হাজির হলে ব্যালট পেপার ফেলে পালিয়ে যান তাঁরা। গতকাল বেলা পৌনে তিনটায় তোলা ছবি l প্রথম আলো

ভোটকেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে গতকাল শনিবার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। এ ছাড়া উপজেলার একটি ইউনিয়নে বিএনপির প্রার্থী ও একটি ইউনিয়নে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এদিকে ফটিকছড়ির ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনটি কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে পুলিশের এক সদস্যসহ নয়জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা দুইটার দিকে সুন্দরপুর ইউনিয়নের একখুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করার চেষ্টা করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। এ সময় পুলিশ বাধা দেয়। দুবার ওই কেন্দ্র দখলের চেষ্টা হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক সদস্য আহত হন।
স্থানীয় সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে সুন্দরপুর ইউনিয়নের কাজীরখীল মাদ্রাসা কেন্দ্রে কয়েকজন যুবক জাল ভোট দিতে গেলে প্রিসাইডিং কর্মকর্তা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা প্রিসাইডিং কর্মকর্তার দিকে তেড়ে যান। এ সময় দুর্বৃত্তরা গুলি ছুড়ে কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, হারুয়ালছড়ি ইউনিয়নের হারুয়ালছড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের দখল নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জুলফিকার আলী ও বিএনপির প্রার্থী ইকবাল হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় আওয়ামী লীগের কর্মী মো. সামসুদ্দীন (৩৪) আহত হন।
এদিকে কাঞ্চননগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম বেলা একটায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী তাঁর লোকজন নিয়ে কেন্দ্র দখল করেন। তাঁর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের প্রতিবাদে তিনি নির্বাচন বর্জন করছেন। তবে কেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী রশিদ উদ্দিন চৌধুরী।
একই অভিযোগে পাইন্দং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম সিকদার ও হারুয়ালছড়ির জুলফিকার আলী ভুট্টু বেলা দেড়টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
দাঁতমারা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী জানে আলমের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইদ্রিস মিয়া নির্বাচন বর্জন করেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জানে আলম অভিযোগ অস্বীকার করেছেন।
জাফতনগরে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হালিমের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী মো. সোলেমান ভোট বর্জনের ঘোষণা দেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে ওই প্রার্থী এখন প্রলাপ বকছেন।’
বিকেল পাঁচটায় আওয়ামী লীগ ও বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, প্রতিপক্ষ প্রার্থীরা ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করতে প্রশাসনকে মোটা অঙ্কের টাকায় ‘ম্যানেজ’ করে নির্বাচনে অংশ নিয়েছেন। এ অভিযোগে তাঁরা হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর ও সুন্দরপুরে নির্বাচন বর্জন করেন। ইউনিয়নগুলোতে আবার নির্বাচনের দাবি জানায় আওয়ামী লীগ।
এদিকে বিএনপির দাবি, এটি প্রহসনের নির্বাচন। নির্বাচনে ভোট কারচুপি ও ডাকাতি হয়েছে। বিএনপি দাঁতমারা, নারায়ণহাট, হারুয়ালছড়ি, কাঞ্চননগর, রোসাংগিরী, বক্তপুর, জাফতনগর ও আবদুল্লাপুর ইউনিয়নে পুনরায় নির্বাচন দাবি করে।
১২৮টি কেন্দ্রের মধ্যে ১৩টি ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। ভোটাররা ভোট দিয়ে বাড়ি ফিরেছেন। কোনো বাধা ছাড়াই ভোট প্রয়োগ করতে পারায় খুশি তাঁরা।
পাইন্দং ইউনিয়নের ভোটার আসাদুজ্জামান বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। এটি সবার কাম্য ছিল।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হাতে গোনা কয়েকটি কেন্দ্র দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি কেন্দ্রে পুলিশ অন্তত ২৯টি গুলি ছোড়ে। এ ছাড়া সব এলাকা ছিল শান্ত।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে।