আ.লীগের তিন, বিএনপির নয়জন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নয় নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।
ভূঞাপুরে বহিষ্কার হওয়া তিনজন হলেন উপজেলা চেয়ারম্যান ও দলের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক আবদুল হালিম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম তালুকদার ও মিনহাজ উদ্দিন। গত শনিবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের সই করা চিঠিতে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়। তাঁদের আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সব পরিচয় দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ওই নেতারা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করছেন। এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
কমলগঞ্জে বহিষ্কৃত নয়জন হলেন কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবুল হোসেন, কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আনসার শোকরানা, যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছরওয়ার শোকরানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বজলুর রহমান ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পৌর কমিটির সভাপতি মারুফ আহমদ।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁদের বহিষ্কারের কথা জানান। কমলগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী আবু ইব্রাহীম জমসেদের চণ্ডীপুরের বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, অভিযুক্ত নেতারা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ না করে জেলা যুবলীগের সহসভাপতির পদ থেকে পদত্যাগকারী নেতা ও স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হাবিবের পক্ষে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মতিন বখ্স, মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হেসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক, জাসাস ও জাতীয়তাবাদী তৃণমূল দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, যুগ্ম সম্পাদক এম এ মুকিত, কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মতিন বখ্স, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফয়ছল আহমদ, জেলা জাসাসের সভাপতি মারুফ আহমদ ও সাধারণ সম্পাদক সরোয়ার মজুমদার ইমনের সই করা পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নয়জনকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।