আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি
রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউিপ) নির্বাচনে ছয় ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, হারাগাছ ইউনিয়নে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের ওই ইউনিয়নের সভাপতি মোজাহেদুর রহমান। এখানে দলের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদুর রহমান। কুর্শা ইউনিয়নে দলের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রজব আলী। বালাপাড়া ইউনিয়নে দলের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুল হক। দলের নির্দেশ অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে ওই তিনজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।