আ.লীগের তিন সাংসদ নামেই বার্ড পরিচালনা পর্ষদের সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কুমিল্লার তিন সাংসদকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেন রাষ্ট্রপতি। মনোনয়ন পাওয়ার পর বর্তমান সরকারের আমলে ওই পর্ষদের কোনো সভা হয়নি। তাঁরা নামেই কেবল বার্ড পরিচালনা পর্ষদের সদস্য।

তাঁরা হলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী।

বার্ড থেকে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২০১০ সালের ২ মার্চ ওই তিন সাংসদকে বার্ড পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত করা হয়। বার্ড অধ্যাদেশ ১৯৮৬ এর ৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাঁদের মনোনয়ন দেওয়া হয়। এরপর ওই পর্ষদের কোনো বৈঠক হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিবছর কমপক্ষে দুটি সভা হওয়ার কথা। ১৯৫৯ সালের ২৭ মে বার্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বার্ড পরিচালনা পর্ষদের ৬৮টি সভা হয়। কিন্তু ২০০৮ সালের ৩০ নভেম্বরের পর পরিচালনা পর্ষদের আর কোনো সভা হয়নি। সভা না হওয়ায় ঝুলে আছে গবেষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মানী বৃদ্ধি, বাজেট বিভাজন পর্যালোচনা, একাডেমির গবেষণা, প্রশিক্ষণ ও নতুন প্রকল্প নেওয়াসহ বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত বাসগৃহ ‘রানীরকুঠি’রের সমস্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি। বার্ডের সব কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন ও কাজের দিক নির্দেশনা দেয় পরিচালনা পর্ষদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ডের ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ রয়েছে। এর মধ্যে সভাপতি হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সহসভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং সদস্যসচিব বার্ডের মহাপরিচালক। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা রয়েছেন। এ ছাড়া সরকার মনোনীত চারজন ব্যক্তি রয়েছেন। এর মধ্যে তিনজন আওয়ামী লীগের দলীয় সাংসদ ও অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। 

বার্ডের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে বার্ডের মহাপরিচালক পদে চারজন দায়িত্ব পালন করেন। মহাপরিচালকদের তৎপরতা কম থাকায় ওই বৈঠক হচ্ছে না। তিনিই মূলত বার্ডের পরিচালনা পর্ষদের বৈঠক ডাকার জন্য মন্ত্রণালয়ে চিঠি লেখেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও সাবেক একাধিক মহাপরিচালক জানান, মন্ত্রী সময় দিতে না পারায় সভা হচ্ছে না। মন্ত্রণালয়ে একাধিকবার সভা আহ্বানের জন্য চিঠি পাঠানো হয়েছে। দীর্ঘ সময় ধরে সভা না হওয়ায় বার্ডের সব কার্যক্রমের অনুমোদন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়ছে।

এ প্রসঙ্গে আ ক ম বাহাউদ্দিন জানান, কয়েকবার সভা করার চেষ্টা করা হলেও সেটি আর এগোয়নি।

নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘মন্ত্রী মহোদয় সময় না দেওয়ার কারণে সভা হয়নি। অনেকবার সভা করার চেষ্টা করেছি।’

জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি যে বার্ড পরিচালনা পর্ষদের সদস্য, সেটা জানিই না। আসলে বার্ড একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

মহাপরিচালক মো. মসিউর রহমান বলেন, ‘সরকার যদি সভা না করে আমরা তো জোর করে করতে পারি না। সরকারের শেষ সময়ে এটা নিয়ে বিব্রত করে লাভ নেই।’