আ.লীগের তিন সাংসদকে সতর্ক করে ইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সাংসদ এম এ মালেক (ঢাকা-২০), শফিকুল ইসলাম (নাটোর-২) ও শওকত হাচানুর রহমানকে (বরগুনা-২) সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলমের সই করা এই চিঠি আজ সোমবার সাংসদের ঠিকানায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাবে তিন সাংসদ আত্মপক্ষ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, কমিশন তা পর্যালোচনা করে নিষ্পত্তি করেছে। ভবিষ্যতে তাঁরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করা থেকে বিরত থাকেন, সে বিষয়ে সতর্ক করা হলো।
তিন সাংসদ ৩ ডিসেম্বর তাদের এলাকার সরকার দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত ছিলেন। নির্বাচনী আইন অনুযায়ী মন্ত্রী-সাংসদেরা নির্বাচনী প্রচার ও কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
এ জন্য কমিশন থেকে তিন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে সাংসদেরা ৯ ডিসেম্বর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনকে চিঠি দেন।
ডিসি, এডিসি, এসপি, ওসিকে নোটিশ: বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) মীর জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক, রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক-এডিসি) মোহাম্মদ আবদুল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, ১৪ ডিসেম্বর বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদত হোসেনের উঠান বৈঠকে হামলা চালায় যুবলীগের নেতা-কর্মীরা। এ ধরনের ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে নির্বাচন কমিশন থেকে আগেই জেলা প্রশাসক ও এসপিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান (শেরপুর-১), সাংসদ আনোয়ারুল আবেদীন খান (ময়মনসিংহ-৯), নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), এনামুল হক (রাজশাহী-৪), আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীসহ (রংপুর-৩) বেশ কয়েকজন সাংসদ বিজয় দিবেসের অনুষ্ঠানে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে আজ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।
কমিশনে বিএনপির অভিযোগ: নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামালের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। আর রিটার্নিং কর্মকর্তা আবরার হাসান মজুমদার সেই আবেদন গ্রহণ করেছেন। আজ সোমবার বিকেলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এই অভিযোগ করা হয়েছে। মোস্তফা কামালের পক্ষে অভিযোগপত্রটি নির্বাচন কমিশনে জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন।
ওই অভিযোগে আরও বলা হয়েছে, মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার সময় জসিম উদ্দিনের কাছে প্রার্থীর সম্মতিসূচক কোনো চিঠি ছিল না। এ বিষয়ে কমিশন যে তদন্ত করেছে তাও একতরফা।
এই অভিযোগের কারণে এখন চাটখিল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে, নাকি বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বহাল রাখা হবে—সে বিষয়ে আজ নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মঙ্গলবার বিষয়টি নিয়ে কমিশন আবার আলোচনায় বসবে।
অভিযোগে বলা হয়, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে মোস্তফা কামালকে সরকারি দল সমর্থিত প্রার্থীর লোকেরা তুলে নিয়ে যায়। এরপর সন্ধ্যা ছয়টার পর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হয়। ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএ জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ১০ বার টেলিফোনে কথা বলেন। মাহবুব উদ্দিন এর প্রমাণ সম্পর্কিত মোবাইল ফোনের কললিস্ট আবেদনের সঙ্গে জমা দেন।
এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।