আ.লীগের তৃণমূলের ভোট বর্জন দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌরসভার দলীয় প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় তৃণমূলের ভোট বর্জন করেছেন দলটির সম্ভাব্য দুই মেয়র প্রার্থী। তাঁরা হলেন গাংনী পৌরসভার বর্তমান মেয়র আহম্মেদ আলী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম। বর্জনের পর তাঁরা সংবাদ সম্মেলন করেন।
গতকাল রোববার বিকেলে গাংনী পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তৃণমূলের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াতের পছন্দের ব্যক্তিকে একক প্রার্থী মনোনীত করা হবে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপি-জামায়াতের ক্যাডারদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডের গঠন করা কমিটির নেতাদের নিয়ে ভোটের মাধ্যমে পৌর মেয়র পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করছেন।
সংবাদ সম্মেলনে আহম্মেদ আলী, মজিরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আহম্মেদ আলী অভিযোগ করেন, ৫০ লাখ টাকা দিলেই দলীয় মনোনয়ন দেওয়া হবে—আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ড সদস্যরা এমন প্রস্তাব তাঁকে দিয়েছিলেন।
এদিকে নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে গতকাল বিকেলে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটির নেতাদের নিয়ে ভোট গ্রহণ করা হয়।
মনোনয়নের জন্য টাকা দাবির অভিযোগ অস্বীকার করে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, ‘কমিটি গঠনের ষড়যন্ত্র যদি করেই থাকি তাহলে আহম্মেদ আলী ও মজিরুল ইসলাম দলীয় মনোনয়ন ফরম কেন গ্রহণ করেছেন।’