ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: উত্তরে চূড়ান্ত হলেও মাঠে একাধিক
আ.লীগের দক্ষিণের প্রার্থী নিয়ে ধোঁয়াশা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী চূড়ান্ত হলেও দক্ষিণের প্রার্থী নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তা ছাড়া উত্তরে দল-সমর্থিত প্রার্থীর বাইরে সাংসদ কামাল আহমেদ মজুমদার মাঠে রয়েছেন।
বিএনপির এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় আওয়ামী লীগ মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের সম্ভাব্য প্রার্থী ও দলীয় নেতাদের ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক প্রার্থী ঘোষণা করেছেন।
ঢাকায় এখনো প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেননি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে উভয় সিটি করপোরেশনে আনুষ্ঠানিকভাবে একক মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন।
ঢাকা দক্ষিণে সাঈদ খোকনকে মেয়র পদে সমর্থন দেওয়ার কথা বলা হলেও তাঁর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ থাকায় প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিন দিন আগে সাঈদ খোকন তাঁর আইনজীবীদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, নির্বাচন কমিশন আইনগতভাবে তাঁকে অযোগ্য ঘোষণা করতে পারবে না।
দলীয় নেতারা জানান, সাঈদ খোকন ঋণখেলাপ থেকে মুক্ত হলে তাঁকেই দলীয় সমর্থন দেওয়া হতে পারে। আর তাঁর প্রার্থিতা অযোগ্য হলে হাজি সেলিমকে সমর্থন দেওয়া হবে। দলের উচ্চ পর্যায় থেকে হাজি সেলিমকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা এ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আভাস দেন। এ ক্ষেত্রে প্রার্থিতাসহ নির্বাচনী কৌশলে পরিবর্তন আনার কথা বলেন তাঁরা।
ঢাকা উত্তরে আনিসুল হককেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে এই এলাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় দলের উচ্চ পর্যায় অনেকটাই বিপাকে পড়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা কামাল মজুমদারকে নির্বাচন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তবে তিনি এখনো সিদ্ধান্তে অনড় আছেন।
জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই দক্ষিণের প্রার্থী ঠিক হয়ে যাবে। আর উত্তরের সমস্যাও থাকবে না।
মহানগর আওয়ামী লীগের অপর একজন নেতা জানান, খুব শিগগির প্রধানমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ঢাকার সব সাংসদকে নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকেই উভয় সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিয়ে সমস্যার সমাধান হবে।
দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন পরিচালনার জন্য দুটি কমিটি করা হয়েছে। দক্ষিণের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজকে। আর উত্তরের সভাপতি করা হয়েছে দলীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহকে। উভয় কমিটিতে স্থানীয় সাংসদ এবং মহানগরের নেতারা থাকবেন।
এ ছাড়া দুটি নির্বাচন পরিচালনা কমিটিকে তদারকি ও সহায়তা দেওয়ার জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে একটি নির্বাচনী সেল থাকবে।