আ.লীগের দখলে ছিল সাভার মাঠে ছিল না বিএনপি
গতকাল হরতালে রাজধানীর অদূরে সাভারের নামীদামি বিপণিবিতানসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাটবাজার ছিল খোলা। মহাসড়কে যানবাহন চলাচলও ছিল অনেকটা স্বাভাবিক। রাস্তায় কোনো পিকেটার ছিল না। তবে সরকারদলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে দিয়েছেন মহড়া।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো ভোরের দিকে সাভারের ওপর দিয়ে রাজধানীতে ঢোকে। একই সময় ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বাসগুলো দক্ষিণ ও উত্তরাঞ্চলের উদ্দেশে সাভার পার হয়। অবশ্য এর আগেই সাভার বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় সাভার ও আশুলিয়া থানার পুলিশ। সকাল আটটার দিকে সাভার বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকাসহ উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। এরই মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কে ম্যাক্সি, লেগুনা, অটোরিকশা ও অটোবাইক চলাচল বেড়ে যায়।সকাল সোয়া নয়টার দিকে পুলিশি পাহারায় সাংসদ তৌহিদ জং মুরাদের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যানবাহন চলাচল। মিছিলের পর মহাসড়ক দখলে নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে তাঁরা প্রায় ১০০ মোটরসাইকেলে করে মহড়া দেন। জানতে চাইলে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। আমরা মাঠে ছিলাম বিধায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’সাভার বাসস্ট্যান্ডে সারা দিনে বিএনপি ও জামায়াতের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। চোখে পড়েনি কোনো পিকেটারও। সারা দিনে অধিকাংশ নেতার মুঠোফোন ছিল বন্ধ। অনেকের ফোন খোলা থাকলেও ধরেননি। নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের একজন নেতা বলেন, ‘সাভার ও আশুলিয়ার বিএনপি বিভিন্ন ধারায় বিভক্ত। পদ আর কমিটি নিয়ে নিজেদের মধ্যে রয়েছে অনেক অমিল। এসব কারণে ত্যাগী নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন।’