চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের দাপটে কোণঠাসা অবস্থায় রয়েছেন বিএনপির প্রার্থীরা। রাজনৈতিক দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভোট নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও মানুষের মধ্যে আগ্রহ কম। সেখানকার রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ধারণা, ভোটের ফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে আছে।
দুটি পৌরসভাতেই দলীয় বিদ্রোহী প্রার্থীদের বাগে নিয়ে নির্বাচনের মাঠে আছে প্রধান দুটি দল। স্থানীয় রাজনৈতিক সূত্র ও ভোটাররা বলছেন, স্থানীয় রাজনীতির নানা মেরুকরণ এবং কেন্দ্র থেকে প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদে সরকারি দলের দুই প্রার্থীই বেশ দাপটের সঙ্গে মাঠে আছেন। তাঁরা নিজেদের বিজয় নিশ্চিত ধরে নিয়েই মাঠে আছেন। মেয়র পদপ্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশের বাইরে কাউন্সিলর কারা হবেন, সেটা নিয়েও দলের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। দুটি পৌরসভার ১৮টি সাধারণ ও ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদে কাদের নির্বাচিত করতে হবে, সেই তালিকা গত শনিবার চূড়ান্ত করা হয়েছে বলে দলটির একাধিক সূত্র বলছে। আর এ বিষয়টি এখন স্থানীয়দেরও মুখে মুখে।
মিরসরাই পৌরসভায় বর্তমান মেয়র এম শাহাজাহানকে বাদ দিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন রফিকুল ইসলাম পারভেজ।
বারইয়ারহাটেও আওয়ামী লীগ বর্তমান মেয়র আবু তাহের ভূঁইয়াকে বাদ দিয়ে দলের পৌর কমিটির সভাপতি নিজাম উদ্দিনকে (ভিপি নিজাম) মনোনয়ন দেয়। আর বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি মঈন উদ্দিন লিটন।
গত শুক্র ও শনিবার মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুই নির্বাচনী এলাকাতেই বিএনপি-সমর্থিত প্রার্থীদের পোস্টার তেমন নেই। বিএনপির দুই প্রার্থীই সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া, কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরীসহ দলের নেতাদের লাঞ্ছিত হওয়ার ঘটনাও নির্বাচনী প্রচারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান বিএনপির দুই প্রার্থীই।
জানা গেছে, দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে ২৪ ডিসেম্বর বারইয়ারহাটে লাঞ্ছিত হন কামাল উদ্দিন চৌধুরী। এর আগে ১৮ ডিসেম্বর রাতে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে লাঞ্ছিত হন মিরসরাই উপজেলা চেয়ারম্যান (সাময়িক বহিষ্কৃত) বিএনপির নেতা নুরুল আমিন। পরদিন লাঞ্ছিত হন সাবেক মেয়র জালাল উদ্দিন আহম্মেদ। ২০ ডিসেম্বর গণসংযোগ করতে গিয়ে বিএনপির প্রার্থী মঈন উদ্দিন লিটনের স্ত্রী কহিনূর আক্তার লাঞ্ছিত হন এবং তাঁর ভাই জহির উদ্দিন রাসেল হামলার শিকার হন।
জানতে চাইলে বিএনপির মেয়র পদপ্রার্থী মঈন উদ্দিন লিটন প্রথম আলোকে বলেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই বারইয়ারহাটে। বহিরাগত সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে তাঁদের বাড়ির চারপাশে। তাঁর কর্মীরা প্রচারে নামতে পারছেন না।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন বলেন, তাঁর কর্মী-সমর্থকেরা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিএনপির প্রার্থী অপপ্রচার করছেন বলে নিজাম পাল্টা অভিযোগ করেন। ১২টির বেশি মামলার আসামি লিটন মামলার কারণে ঠিকমতো বাইরে বের হতে পারছেন না বলে মনে করেন নিজাম।
মিরসরাই পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামও সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কর্মীদের হুমকি দেওয়া, লাঞ্ছিত করা হচ্ছে। পোস্টার লাগানোর পরপরই ছিঁড়ে ফেলা হচ্ছে। মাইক নিয়ে নামলে মাইক ভেঙে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আমাকে মাইক ভাঙার ক্ষতিপূরণ দিতে হয়েছে ৮৫ হাজার টাকা।’ তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে এ পর্যন্ত আটবার লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তবে বিএনপির প্রার্থীর এ অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপির প্রার্থী এ ধরনের অভিযোগ করছেন। পাশাপাশি ছয়টি মামলার আসামি হওয়ার কারণে মাঠে নামতে রফিকুল ইসলাম দ্বিধাগ্রস্ত বলে মনে করেন গিয়াস।
বিএনপির দুই প্রার্থীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দুই পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন প্রথম আলোকে বলেন, ওই সব অভিযোগ তদন্ত করে প্রমাণ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। শুধু তাঁদের অভিযোগই নয়, সরকারি দলের দুই প্রার্থীও বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন, যেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।