মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দাবি করেছে, ১০ ফেব্রুয়ারি নন্দরানী চা-বাগান দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয়। তবে তারা বলেছে, সংঘর্ষে কেউ গিয়ে থাকলে তারা ব্যক্তিগতভাবে দায়ী। এর দায় আওয়ামী লীগ নেবে না। গতকাল শুক্রবার কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান। তিনি নন্দরানী চা-বাগানে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে নিন্দা জানান এবং ওই ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নন্দরানী চা-বাগান দখল নিয়ে সংঘর্ষ-গুলিবিনিময় ও দুজন নিহত হওয়ার ঘটনায় ১২ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ থানায় মামলা করেন চা-বাগানের মালিক দাবিদার সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম চৌধুরীর ছোট ভাই শাহিরুল ইসলাম চৌধুরী। মামলায় আসামি হিসেবে বাগানের মালিক দাবিদার সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদত রহিম চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলী, সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়াসহ ৪৫ জনের নাম রয়েছে।