ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় একক প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন পেয়েছেন এ এফ এম আজিজুল ইসলাম (আনারস)। অপরদিকে আওয়ামী লীগের আমিনুল ইসলাম (দেয়ালঘড়ি) ও রফিক উদ্দিন ভূঁইয়া (দোয়াত-কলম) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তত্ত্বাবধায়ক সরকার আসার পর নান্দাইল বিএনপিতে বিভক্তি দেখা দেয়। এক অংশের নেতৃত্বে আছেন সাবেক সাংসদ খুররম খান চৌধুরী এবং অপর অংশের নেতৃত্ব সৌদিপ্রবাসী ব্যবসায়ী রফিকুল ইসলাম ভূঁইয়ার হাতে। পৌর নির্বাচনে এবার কেন্দ্রীয় বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয় রফিকুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই আজিজুল ইসলামকে। দলে বিভক্তি থাকলেও পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী একজনই। তবে ওই প্রার্থী বিএনপির অপর পক্ষের সমর্থন পাবেন কি না, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। এদিকে আওয়ামী লীগের দুজন প্রার্থী থাকায় এ ক্ষেত্রে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন।উপজেলা আওয়ামী লীগ গত ২২ ডিসেম্বর এক সভায় দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এর পর থেকে তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন। প্রচার শুরুর নয় দিন পর হোঁচট খান আমিনুল ইসলাম। কারণ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নান্দাইলে মেয়র প্রার্থী হিসেবে রফিক উদ্দিন ভূঁইয়াকে সমর্থন দেয়; যা সংবাদপত্রে প্রকাশিত হয়। বিষয়টি এখনো সুরাহা না হওয়ায় নান্দাইলে আওয়ামী লীগের পরিচয়ে দুজন প্রার্থী প্রচার চালিয়ে যাচ্ছেন। রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি। ১৯৯৯ সালে অনুষ্ঠিত প্রথম পৌর নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। জোট সরকার ক্ষমতায় আসার পর তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। এরপর ২০০৪-এ অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ওই নির্বাচনে নয়টি ওয়ার্ডের আটটিতে তিনি জয়ী হন। ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে দুজন ভোটার নিহত হলে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরে ওই কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি ঘটিয়ে রফিক উদ্দিন ভূঁইয়ার নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকে সাধারণ ভোটারের মনে তাঁর প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়ে আছে। এ নির্বাচনে সেটি কাজে লাগাচ্ছেন রফিক উদ্দিন ভূঁইয়া। অপরদিকে মেয়র প্রার্থী আমিনুল ইসলামের বাড়ি নান্দাইল পৌর সদরের চারিআনিপাড়া এলাকায়। মধ্যবিত্ত পরিবারের সৎ, শিক্ষিত (স্নাতক পাস), সদালাপী আমিনুল ইসলামের হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রচার চালাতে দেখা গেছে। দলীয় নানা সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, একই দলের দুই মেয়র প্রার্থী থাকায় এখানে আওয়ামী লীগের ভোটব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় নেতা-কর্মীদের মতামত নিয়ে দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামকে মেয়র প্রার্থী করা হয়েছে। হঠাৎ কোনো আলোচনা ছাড়াই কেন্দ্র থেকে আরেকজন প্রার্থীর নাম গণমাধ্যমে প্রকাশ করার কী কারণ থাকতে পারে, তা আমাদের কাছে চিঠি বা কোনো বার্তা পাঠিয়ে জানানো হয়নি।’ রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাকে মেয়র প্রার্থী করে আমার প্রতি সুবিচার করেছে।’