আ.লীগের দুই অংশের সভা, ১৪৪ ধারা জারি
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভাবাজারে একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের বিবদমান দুই অংশ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে।এলাকাবাসী কয়েকজন ও পুলিশ জানায়, পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা পাঞ্জাব আলী বিশ্বাস এবং বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ১২ নভেম্বর সাংসদ-সমর্থিত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী সাবেক সাংসদ পাঞ্জাব আলী বিশ্বাসের ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় মকবুল হোসেন তাঁদের বাধা দিলে নেতা-কর্মীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।এর প্রতিবাদে সাবেক সাংসদ পাঞ্জাব আলী বিশ্বাসের সমর্থকেরা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ বৃহস্পতিবার বেলা দুইটায় উপজেলার চাঁদভাবাজারে প্রতিবাদ সভা আহ্বান করেন। এতে ক্ষুব্ধ হয়ে একই স্থানে এবং একই সময়ে অপর অংশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেয়। এতে উত্তেজনা তৈরি হলে বুধবার রাতে উপজেলা প্রশাসন সভাস্থল ও আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে। সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত তা বলবৎ থাকে।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হলে মাইকিং করে তা সর্বসাধারণকে জানানো হয়। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আটঘরিয়া উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. জহুরুল হক বলেন, ‘যুবলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার ছবিসংবলিত ব্যানার ছিঁড়েই ক্ষান্ত হননি, তাঁরা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতাপেটা করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। তাঁরা পাল্টা সভা আহ্বান করে তাও পণ্ড করে দিয়েছে।’সাবেক সাংসদ পাঞ্জাব আলী বিশ্বাস অভিযোগ করেন, সাংসদ শামসুর রহমানের নির্দেশে প্রকাশ্যে তাঁর সমর্থকেরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।অভিযোগ অস্বীকার করে সাংসদ শামসুর রহমান বলেন, ‘কোথায় পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে বা কারা প্রতিবাদ সমাবেশ ডেকেছে, তা আমার জানা নেই। তবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে আমাকে অতিথি করা হয়েছিল। এ পর্যন্তই আমি জানি।’