চাঁদপুরের কচুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ২০ জনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। উপজেলা কমিটির মত না নিয়েই জেলা কমিটি তাঁদের বহিষ্কার করায় দুই কমিটির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ২০ জনকে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কার হওয়া ২০ জন হলেন পাথৈর ইউপিতে মুস্তাফিজুর রহমান ওরফে জুয়েল, নূরে আলম চৌধুরী ও আলী আক্কাস মোল্লা; পূর্ব সহদেবপুর ইউপিতে ইমাম হোসেন ওরফে সোহাগ, মাসুদুর রহমান ও বাবুল সর্দার; পশ্চিম সহদেবপুর ইউপিতে আবদুস সামাদ আজাদ, মামুনুর রশিদ ও শহীদ উল্যাহ পাটওয়ারী; কচুয়া উত্তর ইউপিতে জাহাঙ্গীর আলম কাজী, আবুল খায়ের ও মাওলানা নাছির; কচুয়া দক্ষিণে সৈয়দ রবিউল ইসলাম ওরফে রাসেল ও যোবায়ের হোসেন; কাদলা ইউপিতে মাইনুদ্দিন মজুমদার ওরফে মানিক এবং গোহট দক্ষিণ ইউপিতে শাহরিয়ার শাহীন, মো. শহীদ উল্ল্যাহ, সালাউদ্দিন ভূঁইয়া, আক্তার হোসেন ও জি এম আতিকুর রহমান। বহিষ্কৃত অনেকেই উপজেলা ও ইউনিয়ন কমিটিসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এই বহিষ্কারাদেশ নিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগ বলছে, তাদের মতামত ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা করার এখতিয়ার জেলা কমিটির নেই। তবে জেলা আওয়ামী লীগ বলছে, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত। এখানে অন্য কারও পরামর্শ নেওয়া আবশ্যক ছিল না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী গতকাল বলেন, ‘পত্রিকা পড়ে ২০ নেতা-কর্মীকে বহিষ্কারের বিষয়টি জেনেছি। জেলা নেতৃবৃন্দ তাঁদের বহিষ্কারের ব্যাপারে আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি।’ তিনি আরও বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া উপজেলার কমিটির সব পদ ও ইউনিয়ন কমিটি উপজেলা কমিটির অধীন। তাই দলীয় নিয়মানুযায়ী, ওই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অন্য কারও নেই। তা ছাড়া যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদেরও নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার করেছে জেলা কমিটি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে যাঁরা প্রার্থী হয়েছেন, সারা দেশেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে উপজেলা কমিটির বা অন্য কারও পরামর্শ নেওয়ার দরকার নেই।
২৮ মে উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।