আ.লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া, গুলি ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় গতকাল মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা ধরে আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হন। তাঁরা হলেন: রাশেদ (৪৫), মেহেরাজ (২২), সোহেল (১৮), লোকমান (২২), মহিউদ্দিন (২৪) ও মনির (২২)। তাঁদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রাশেদকে মাইজদীর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র ছাড়াও পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টা এক মিনিটে উপজেলা পরিষদের পক্ষ থেকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম ইউছুফ আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থকেরা এবং পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্যাহর সমর্থকেরা পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে উভয়পক্ষ মারমুখী অবস্থান নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ওয়ালী উল্যাহর সমর্থক ছয়জন আহত হয়। হামলাকারীরা উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা সাইফ উদ্দিন আহমেদের ল চেম্বারে ঢুকেও ভাঙচুর করেন। অপরপক্ষ উপজেলা পরিষদের সামনে চা-দোকান ও সেলুনসহ পাঁচ-ছয়টি দোকানে ভাঙচুর চালায়। সংঘর্ষকালে কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, বিনা উসকানিতে তাঁর সমর্থক নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও তাঁদের মারধর করে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থকেরা। হাতিয়া পৌরসভার মেয়র ইউছুফ আলী এ অভিযোগ অস্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্যাহর সমর্থকদের দায়ী করেন।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেছে। পুলিশ কোনো গুলি ছোড়েনি।