টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম হত্যা মামলায় গত সোমবার আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া দলটির দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে মামলাটির আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের একাংশ ও নিহত রকিবুলের গ্রামবাসী।
সোমবার গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন লাল মাহমুদ ওরফে লাল চান (২৩)। তিনি ভূঞাপুর উপজেলার ভারই মধ্যপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। এদিন সন্ধ্যায় টাঙ্গাইলের ডিসি লেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। গতকাল তাঁকে টাঙ্গাইল বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এ নিয়ে মামলাটিতে আটজন গ্রেপ্তার হলেন। এর আগে গ্রেপ্তার হওয়া চারজন আদালতে স্বীকারোক্তি দেন। এতে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম এবং অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সরকারসহ কয়েকজনের নাম বের হয়ে আসে।
দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন তাহেরুল ইসলাম ও নুরুল ইসলাম সরকার। জেলা গোয়েন্দা পুলিশ ১৪ মার্চ ঢাকার গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরদিন আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত শনিবার আদালতে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন, প্রথম দফা রিমান্ডে ওই দুজন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলোর তদন্ত চলছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হয়েছে। গতকাল শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নওরিন মাহবুব ওই দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। লাল মাহমুদের রিমান্ড আবেদনের জন্য আজ বুধবার শুনানির তারিখ দিয়েছেন আদালত।
এদিকে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে টাঙ্গাইল আদালত চত্বরে মিছিল হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে রকিবুল হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
গত ৬ ডিসেম্বর সকালে নিজ গ্রাম ভারই মধ্যপাড়া পুকুরপাড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিনই তাঁর ভাই ফজলুল করিম থানায় মামলা করেন। পরে ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরও একটি সম্পূরক মামলা করেন তিনি। মামলা দুটি ডিবিকে তদন্তের দায়িত্ব দেন আদালত।