আ.লীগের দুই নেতা-কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গত মঙ্গলবার রাতে দলের বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র) পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন (৩৫)। তিনি গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে গতকাল বুধবার দুপুরে নাটোরের লালপুরে সাখাওয়াত হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাংনীতে নিহত নুরুল আমিনের বাবা নাসির উদ্দিন জানান, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সাংসদ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেনের পক্ষে কয়েক দিন ধরে প্রচারণা চালাচ্ছিলেন তাঁর ছেলে। মঙ্গলবারও তিনি প্রচারণায় যান। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবারের লোকজন। গতকাল ভোরে স্থানীয় বাঁশবাড়িয়া ঈদগাহ ময়দানের কাছে তাঁর লাশ পাওয়া যায়।

নুরুল আমিনের রাজনৈতিক সহকর্মী গিয়াস উদ্দিন জানান, তাঁদের দুজনের বাড়ি বাঁশবাড়িয়া গ্রামে। মঙ্গলবার দিনভর প্রচারণা শেষে রাত ১১টার দিকে ভ্যানে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখেই নুরুল নেমে পড়েন। এরপর কী ঘটেছে, তা তিনি জানেন না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেন জানান, নুরুল আমিন তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ জন্য হয়তো কোনো পক্ষ বা গোষ্ঠী তাঁকে হত্যা করতে পারে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে সাখাওয়াত গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। গোপালপুর-ধানাইদহ সড়কের বিজয়পুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পথ রোধ করে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাখাওয়াতের বাড়ি দিলালপুর-রায়পুর গ্রামে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের জেলা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ জানান, সাখাওয়াত আওয়ামী লীগের একজন কর্মী।

লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, সাখাওয়াত স্থানীয় বিএনপির নেতা ভাসান হত্যা মামলার অন্যতম আসামি। তাঁর বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।