আ.লীগের দুই নেতা খুন লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই নেতার লাশ উদ্ধার করা হয়েছে৷
পুলিশ বলছে, এদের মধ্যে একজনকে গলা কেটে হত্যা করা হয়৷ অপরজনের শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়নি৷ এ নিয়ে গত পাঁচ দিনে লক্ষ্মীপুরে পাঁচজন হত্যাকাণ্ডের শিকার হলেন৷
গতকাল যাঁদের লাশ উদ্ধার করা হয় তাঁরা হলেন: সদর উপজেলার চর শাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া (৫০) ও রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ (৪৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টার দিকে কে বা কারা আবদুল মান্নানকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাঁকে গলা কেটে হত্যা করা হয়৷ রাত ১২টার দিকে স্থানীয় লোকজন রামপুরা গ্রামে তাঁর বাড়িসংলগ্ন রাস্তার পাশে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ভোরের দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুল মান্নানের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে মান্দারী-দাসেরহাটসহ ইউনিয়নের কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। বসুরহাট বাজারে খণ্ড খণ্ড মিছিল করেন স্থানীয় নেতা-কর্মীরা। পরে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, আবদুল মান্নানকে গলা কেটে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, গতকাল সকাল সাতটার দিকে রায়পুর উপজেলার চরপাতা গ্রামে রাস্তার পাশে আবদুল মজিদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়৷ মজিদের বড় বোন ফাতেমা বেগম জানান, মজিদ বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান৷ পরে বাড়ি ফেরেননি৷ সকালে তাঁর লাশ উদ্ধারের খবর পান৷ মজিদের মামাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
মজিদ হত্যার বিচারের দাবিতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর লাশ নিয়ে রায়পুর শহরে মিছিল করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে এ নিয়ে গত পাঁচ দিনে পাঁচজন হত্যাকাণ্ডের শিকার হলেন৷ তাঁদের মধ্যে গত রোববার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি আবু নোমানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জের ধরে আধ ঘণ্টা পর ওই ইউনিয়নের যুবদল কর্মী মো. জাহাঙ্গীরকেও গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া, গত মঙ্গলবার লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ চরমনসা এলাকা থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷