আ.লীগের দুই নেতা ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদ হত্যা মামলায় দলটির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা এবং অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সরকার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ গতকাল সন্ধ্যা সাতটার দিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে ধরা হয়। তাঁদের নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। বুধবার (আজ) তাঁদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে গোয়েন্দা পুলিশ ভূঞাপুরের ভারই মধ্যপাড়া গ্রামের মাঈনুল হাসান, শওকত হোসেন, অলোয়া ইউপি সদস্য মকবুল হোসেন তরফদার ও নাসির উদ্দিন রানাকে গ্রেপ্তার করে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাহেরুল ইসলাম ও নুরুল ইসলামের নাম প্রকাশ পায়। এরপর থেকে তাহেরুল, নুরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আত্মগোপন করেন।
পুলিশ সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলা কাটা লাশ নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে নয়টার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। ওই দিনই তাঁর ভাই ফজলুল করিম থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে ফজলুল করিম আরও একটি সম্পূরক মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম, অন্য যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবদুল হামিদ মিয়া ও অলোয়া ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত ও থানায় করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশকে এ দায়িত্ব দেওয়া হয়।