চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও আওয়ামী লীগের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের দুজন সম্ভাব্য প্রার্থী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দিকে তাকিয়ে আছেন।
উপজেলা আওয়ামী লীগের অন্তত তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নয়জন। এর মধ্যে সাতজনই ইতিমধ্যে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এখন দলীয় মনোনয়নের জন্য লড়ছেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল ইসলাম (নুরু) এবং পৌর যুবলীগের সভাপতি আওলাদ হোসেন (লিটন)।
দলীয় সূত্রগুলো আরও জানায়, মনোনয়ন পেতে দুই সম্ভাব্য প্রার্থীই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে দফায় দফায় ধরনা দিচ্ছেন। দলীয় লোক ছাড়াও মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনদের দিয়ে তদবির করাচ্ছেন। এখন দুজনেই মন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় সময় গুনছেন।
জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। বাকিটুকু মন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার। ওনার মুখের দিকেই তিনি তাকিয়ে আছেন। আওলাদ হোসেন বলেন, দল ও মন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, তা তিনি মেনে নেবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ কবির আহম্মেদ বলেন, মেয়র পদে দুজনের মধ্যে কে মনোনয়ন পাবেন, তা কাল সোমবার (আজ) দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এ ব্যাপারে আলোচনার জন্য তাঁরা ঢাকায় মন্ত্রীর বাসায় গেছেন।
এখানে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলেও নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কি না, তা নিয়ে দলের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে সংশয় কাজ করছে।