ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা সুরুজ আলী ও শেখ আবদুল আহাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম এ দুই নেতার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সুরুজ আলী নাসিরনগরের চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। আবদুল আহাদ উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সুরুজ আলী ও আবদুল আহাদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা শওকত হোসেন বলেন, মন্দিরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সুরুজ আলী ও শেখ আবদুল আহাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।