আ.লীগের দুই নেতাকে কুপিয়ে জখম, বিএনপি কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কর্মীরা গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছেন। এ ঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিএনপির নেতা পৌর কাউন্সিলরকে মারধর করেন।যাঁদের আহত করা হয়েছে, তাঁরা হলেন কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান ও ভারপ্রাপ্ত সহসভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক হোসেন।পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ফারুক হোসেন জানান, গতকাল সকাল ১০টার দিকে তিনি ও হানিফ খান শহরে যাচ্ছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের আলামকাঠি এলাকায় বসে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপির চেয়ারম্যান আ. ছালাম শেখের সমর্থক নেতা-কর্মীরা তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।দুপুরে জেলা বিএনপির সহসভাপতি ও পৌরসভার কাউন্সিলর আ. ছালাম বাতেন সদর হাসপাতালে গেলে সেখানে উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালান। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আ. ছালাম বাতেন বলেন, ‘আমি হানিফকে দেখতে হাসপাতালে এলে বিনা কারণে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা আমার ওপর হামলা চালায়।’দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল সহকারে শহরে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের খুঁজতে থাকেন এবং জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে তাঁরা শহরের বিভিন্ন মোড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের টানানো ফেস্টুন ছিঁড়ে ফেলেন। পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শংকর কুমার ঘোষ জানান, হানিফ খানের শরীরের জখম গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।চেয়ারম্যান আ. ছালাম শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।