আ.লীগের দুই নেতাকে বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় জেলে আশরাফুল ইসলাম হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। মামলার মূল দুই আসামি আওয়ামী লীগের দুই নেতাকে বাদ দিয়ে ৩৮ জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
বাদী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ প্রভাবিত হয়ে মূল আসামিদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়ে অতি গোপনে তা আদালতে দাখিল করেছে। এ অভিযোগপত্রের বিরুদ্ধে তাঁরা আদালতে নারাজি দেবেন।
মামলা ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আশরাফুল ইসলাম (২৮) শ্রীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন মৃধা ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। গত ১৯ মে রাজশাহী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত ৩-এ অভিযোগপত্র দাখিল করেন বাগমারা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান।
স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের এপ্রিল মাসে উপজেলার খয়রাবিল দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মাছ চাষ শুরু করেন। স্থানীয় লোকজন ও জেলেরা বাধা দিলে তাঁদের সঙ্গে ওই দুই দলের নেতা-কর্মীদের বিরোধ দেখা দেয়। ২০১৩ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় দখলদারেরা বিলে নৌকা নিয়ে নেমে জেলেদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় গুলিতে আশরাফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় নিহত আশরাফের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আবুল কালাম আজাদসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নিহত আশরাফের পরিবারের অভিযোগ, গত ২০ মে ওসি আবু ওবায়দা খান বদলি হয়ে রাজশাহী পুলিশ লাইনে যান। এর আগের দিন তিনি গোপনে প্রধান দুই আসামি মকবুল হোসেন ও আবুল কালাম আজাদকে বাদ দিয়ে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নিহত আশরাফুল ইসলামের বাবা জাবেদ আলী জানান, তাঁরা সপ্তাহ খানেক আগে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি জানতে পেরেছেন।
এ বিষয়ে তৎকালীন ওসি আবু ওবায়দা খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাগমারা থেকে যাওয়ার আগের দিন অভিযোগপত্র দেওয়ার কথা স্বীকার করেছেন। মূল দুই আসামিকে কীভাবে বাদ দিলেন জানতে চাই তিনি বলেন, ‘তদন্তে যা পাওয়া গেছে, তাই দেওয়া হয়েছে।’
মকবুল হোসেন ও আবুল কালাম আজাদের সঙ্গে গতকাল শনিবার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাঁরা ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।