আ.লীগের দুই নেতার ওপর হামলার অভিযোগ প্রতিবাদে সমাবেশ
ফরিদপুরে আওয়ামী লীগের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলার চরযোশরর্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী এবং দলের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও কাইচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল হোসেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের বিসমিল্লাহর শাহ্ দরগা শরিফের কাছে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ।খন্দকার ওহিদুল বারী বলেন, ‘একটি প্রাইভেট কারে করে ফরিদপুর থেকে নগরকান্দা যাওয়ার পথে বিসমিল্লাহর শাহ্ দরগা শরিফের গতিরোধকের কাছে সাত-আটজন তরুণ লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে গাড়িতে হামলা চালায়। তারা গাড়ির দরজা খুলে আমাকে ও জামাল হোসেনকে বের করে আনার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে চালক দ্রুত গাড়িটি চালিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়।’ ওহিদুল বারী দাবি করেন, ১৯ এপ্রিল ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে নগরকান্দায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেনের টেন্ডারবাজি বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তাঁদের ওপর এ হামলা চালানো হয়।এ হামলার ঘটনার প্রতিবাদে মিছিল শেষে নগরকান্দা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের নেতা মনিরুজ্জামান সর্দারের সভাপতিত্বে সমাবেশ হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুই নেতার ওপর হামলার একটি অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন এ হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ জাতীয় কথা আমি এই প্রথম শুনলাম। এ অভিযোগ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’