আ.লীগের দুই নেতার দ্বন্দ্ব ১০০ মিটার রাস্তা গতিহারা
চট্টগ্রামের হাটহাজারী সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের অক্সিজেন থেকে চকবাজারের অলি খাঁ মসজিদ পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা চওড়া করছে। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ। কিন্তু অলি খাঁ মসজিদ এলাকায় এসে কাজ থমকে গেছে।স্থানীয় সূত্রমতে, অলি খাঁ মসজিদ এলাকায় ১০০ মিটার দৈর্ঘ্যের রাস্তা চওড়া করার কাজ থমকে যাওয়ার কারণ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামের দ্বন্দ্ব।এ বি এম মহিউদ্দিন চৌধুরী অলি খাঁ মসজিদের পরিচালনা কমিটির সভাপতি। দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আবদুচ ছালামের সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজনের অবস্থান দুই মেরুতে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের উন্নয়নকাজে। সিডিএ সূত্রমতে, অক্সিজেন থেকে অলি খাঁ মসজিদ পর্যন্ত রাস্তাটি ৬০ ফুট চওড়া হলে নগরের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। কিন্তু অলি খাঁ মসজিদ-ঘেঁষা রাস্তা চওড়া করা যাচ্ছে না।৬১ কোটি টাকায় রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী জুনে।জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ওরা (সিডিএ) আলোচনায় বসলে তো একটা পথ বেরিয়ে আসবে। ওরা মসজিদের জায়গায় রাস্তা চওড়া করলে কত টাকা দেবে, সেটা আলোচনায় বসে প্রস্তাব দিক। আমাকে বাদ দিয়ে মসজিদ কমিটির সচিবের সঙ্গেও তারা কথা বলতে পারে। তাদের প্রস্তাব আমরা মুসল্লিদের জানাব। আর মুসল্লিদের মতামত নিয়ে সবকিছু হবে।’ আবদুচ ছালাম বলেন, ‘আমরা মাস ছয়েক আগে মসজিদ কমিটিকে প্রস্তাব দিয়েছি। প্রস্তাবে বলেছি, মসজিদের মূল কাঠামো ঠিক রেখে পেছনের অংশে পাঁচতলা ভিত্তি দিয়ে দোতলা পর্যন্ত মসজিদ ভবন করে দেব। মসজিদ কমিটি আজ পর্যন্ত আমাদের প্রস্তাবের জবাব দেয়নি। এতে জুনের মধ্যে প্রকল্পটি শেষ করা নিয়ে সংশয় আছে।’ তিনি বলেন, ‘মসজিদ কমিটিকে দেওয়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে সিডিএর সভায়। এরপর আমরা মসজিদের নতুন নকশা পাশের বিলবোর্ডে টাঙিয়ে দিয়েছি।’ তবে মহিউদ্দিন চৌধুরীর দাবি, তাঁরা সিডিএর প্রস্তাব পাননি।প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শাহাবুদ্দীন খালেদ জানান, প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মসজিদের পাশে রাস্তা কেবল ২০ ফুট প্রশস্ত। মসজিদ কমিটি জায়গা না দিলে ওই অংশে রাস্তা চওড়া করা সম্ভব নয়।