আ.লীগের দুই নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর এলাকায় ঘেরে হামলা করে মাছ লুটের ঘটনায় জড়িত নন বলে দাবি করেছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে সামসু উদ্দিন। ওই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন তিনি। গত সোমবার বিকেলে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব দাবি করেন।এর আগে ৪ মে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা সংবাদ সম্মেলন করেন। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি এ কে সামসু উদ্দিনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় তাঁর পাঁচটি ঘের থেকে কিছুদিন আগে আড়াই কোটি টাকার মাছ লুট করার অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এ কে সামসু উদ্দিন বলেন, আবদুল ওহাব খলিফা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন, চরলক্ষ্মী ও চর মারগারেটের প্রায় এক হাজার ৫০০ একর জমিতে লোনা পানি ঢুকিয়ে চিংড়ির চাষ করছেন। এর মধ্যে তাঁর নিজের জমি রয়েছে ৫০-৬০ একর। বাকি জমির মালিক ওই এলাকার জনগণ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বেড়িবাঁধ কেটে এলাকায় লোনা পানি তোলা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু এর পরও ওহাব খলিফাসহ বেশ কয়েকজন ঘেরমালিক এলাকায় লোনা পানি তোলেন। এ কারণে এলাকার কৃষকেরা ওই সব ঘেরের বাঁধ কেটে দেন। তবে মাছ লুটের ঘটনা সত্য নয়।