আ.লীগের দুই নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইক্ষ্যংছড়িতে শ্যালক-দুলাভাই সম্পর্কের দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলা পরিষদের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। রাতের আঁধারে জমি দখল করার পর কয়েক দিন ধরে দোকান ও বাড়ি নির্মাণের কাজ শেষ করলেও উপজেলা পরিষদ ও প্রশাসন কোনো বাধা না দিয়ে রহস্যজনক নীরবতা পালন করছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হামিদা বানু নীরব দর্শকের ভূমিকা পালনের কথা অস্বীকার করে বলেছেন, তাদের অগোচরে গভীর রাতে উপজেলা পরিষদের আট শতক জমি দখলদাররা দখল করে নিয়েছে। জমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকারি কৌঁসলিকে (জিপি) উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
জনসংহতি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক মংনু মারমা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ নেতারা উপজেলার বাইশারিতে চাক আদিবাসিদের জুমের জমি দখল ও পাড়া উচ্ছেদের ঘটনায় সম্প্রতি সারা দেশে তোলপাড় হয়েছে। পার্বত্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত তদন্ত কমিটি ভূমিদস্যুদের গ্রেপ্তারের সুপারিশ করা সত্ত্বেও প্রশাসন এ পর্যন্ত কোনো জমি উদ্ধার ও দখলদার গ্রেপ্তার করতে পারেনি। এ জন্য তারা এখন বেপরোয়া হয়ে উপজেলা পরিষদের জমি দখলের সাহস পাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মো. শফিউল্লাহ ও সদস্য মোহাম্মদ ইকবাল (সাবেক উপজেলা চেয়ারম্যান) সম্প্রতি গভীর রাতে দলবল নিয়ে উপজেলা পরিষদের পুকুরসংলগ্ন জমি দখল করেছেন। নাইক্ষ্যংছড়ির থানা ফটকের সামনে দখলদাররা প্রায় এক সপ্তাহ ধরে সেখানে পাঁচটি দোকান ও দুটি বসতবাড়ি নির্মাণ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাাণ সম্পাদক শফিউল্লাহ উপজেলার জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই জমি তাঁরা একজনের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তাঁরা দোকান ও ঘর নির্মাণ করেছেন।
তবে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসলি (জিপি) স্বপন কুমার দাশ বলেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের জমির ওপর আদালতের কোনো আদেশ নেই। একই ঘটনায় উভয় পক্ষের আদালতে দুটি মামলা হওয়ায় নির্বাহী আদালতে উপজেলা প্রশাসনের দায়ের করা মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থগিত করেছেন। কিন্তু উপজেলা প্রশাসন যে উদ্দেশ্যে মামলা করেছে সেই উদ্দেশ্যকে স্থগিত করা হয়নি।
উপজেলা চেয়ারম্যান হামিদা বানু ও ইউএনও আহমেদ জামিল বলেছেন, জিপির কাছ থেকে এখনো আদালতের আদেশের কপি পাওয়া যায়নি। পাওয়া গেলে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।