আ.লীগের দুই নেতার বিরুদ্ধে প্রার্থী বাছাইয়ে বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতারা প্রার্থী বাছাইয়ে অনিয়ম নিয়ে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতারা প্রার্থী বাছাইয়ে অনিয়ম নিয়ে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাণিজ্যের অভিযোগ তুলেছেন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা কমিটির নেতারা।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ।
প্রার্থী বাছাই নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে চট্টগ্রাম নগরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
লিখিত বক্তব্যে সৈয়দ জামাল আহমেদ বলেন, ‘দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মনোনয়ন-বাণিজ্যের অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন।’ তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত মেনে কর্ণফুলী থানা ও আনোয়ারা উপজেলার ১৬ ইউনিয়নে ওয়ার্ড কমিটির মতামতসহ একজন করে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়। প্রার্থী বাছাই করার পর গত ৪ এপ্রিল দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের চিঠি দিয়ে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার ও প্রাথমিক মনোনয়ন সভার বিষয়ে অবহিত করেন। তাঁদের অসৎ উদ্দেশ্য আঁচ করতে পেরে ১৬ ইউনিয়নে প্রার্থীদের চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী।
অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘ওয়ার্ড কমিটিসহ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা না করে একতরফা প্রার্থী বাছাই করেছেন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতারা। তাঁদের বাছাইয়ের তালিকায় কর্ণফুলী থানা এলাকায় চারজন বর্তমান চেয়ারম্যানকেও রাখা হয়নি। এ কারণে প্রার্থীদের সাক্ষাৎকার ডাকা হয়েছিল। যেহেতু এখনো কোনো প্রার্থী বাছাই হয়নি, তাই বাণিজ্য করার প্রশ্নই আসে না। প্রার্থী মনোনয়ন দেওয়ার এখতিয়ার দলীয় সভানেত্রীর।’