আ.লীগের দুই নেতার বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে দলীয় মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ তুলেছেন দলটির সদ্য বহিষ্কৃত উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এর আগে রোববার তিনি দল থেকে বহিষ্কারের চিঠি পান।

চতুর্থ ধাপে আগামী ৭ মে উপজেলার আটটি ইউপির মধ্যে সাতটিতে নির্বাচন হবে। সীমানা বিরোধ-সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের আদেশে মহম্মদপুর সদর ইউপির নির্বাচন স্থগিত হয়ে গেছে।

গতকাল উপজেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের নীতিমালা অনুযায়ী দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতামত নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান টাকার বিনিময়ে প্রার্থীদের নামের তালিকা পাঠান। তাঁদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন; যা দলীয় প্রার্থীদের জন্য বিপর্যয় বয়ে আনবে। তৃণমূলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে নির্বাচনী মাঠে বিদ্রোহী প্রার্থীর পক্ষে পুরোদমে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোনয়ন-বাণিজ্য এবং অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় তাঁকে গঠনতন্ত্রবহির্ভূতভাবে দল থেকে বহিষ্কারের চিঠি পাঠানো হয়। গত রোববার লাল খামে ডাকযোগে সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা ওই চিঠি তিনি হাতে পান। ওই চিঠি প্রত্যাখ্যান করে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাধারণ সম্পাদক আবদুল মান্নান। ওই সময় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তিনি বহিষ্কার হন। তাঁর সেই বহিষ্কারাদেশ এখনো বহাল রয়েছে।

যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘দলীয় প্রার্থী মনোনয়নে টাকাপয়সা লেনদেনের বিষয়ে আমি কিছু জানি না। হাবিবুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। বর্তমান ইউপি নির্বাচনেও তিনি বিদ্রোহীদের পক্ষে রয়েছেন। তাই তাঁকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। সাধারণ সম্পাদক আবদুল মান্নানের বহিষ্কারের বিষয়টি সংসদ নির্বাচনের পর স্থানীয় সাংসদের মধ্যস্থতায় মীমাংসা করা হয়।’

সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।