মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় গত বুধবার রাতে ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ভাটেরচর এলাকায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুটি সেতুর পাথর ও বালু পরিবহনের কাজ পান স্থানীয় টেংগারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। পরে মধ্য ভাটেরচর গ্রামের বাসিন্দা গজারিয়া উপজেলা যুবলীগের সদস্য নূরুজ্জামান দেওয়ান সেই কাজের ভাগ চান। গজারিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি মো. সোলাইমান দেওয়ানের মধ্যস্থতায় নূরুজ্জামান ও কামাল হোসেনের মধ্যে সমঝোতা হয়। পরে তাঁরা একত্রে পাথর ও বালু বহনের কাজ করে আসছেন।স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই কাজের টাকার ভাগাভাগি নিয়ে নূরুজ্জামান ও কামালের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষ লাঠিসোঁটা, রড, হকিস্টিক ও ধারালো অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।