আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ভগ্নিপতির লাশ বহনকারী গাড়িকে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ৪২ জন আহত হয়েছে। এ সময় দুই পক্ষে গুলিবিনিময় হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সদর উপজেলার মহাজনের পুল এলাকায় যুবলীগের কর্মী নূরে আলমের নেতৃত্বে একটি পক্ষের লোকজন লাশ বহনকারী গাড়িটি যেতে বাধা দেয়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা মোস্তাক শাহীনের পক্ষের লোকজনের সঙ্গে নূরে আলমের লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় নূরে আলমের সঙ্গে হরতাল-সমর্থকেরাও যোগ দেয়। নূরে আলম ঘটনাটি জেলা যুবলীগের আহ্বায়ক মেয়র মনিরুজ্জামানকে জানান। নূরে আলম জেলা আহ্বায়কের পক্ষের লোক হিসেবে পরিচিত। ওই ঘটনার জের ধরে বেলা দেড়টার দিকে শহরের উকিলপাড়ায় মেয়র মনিরুজ্জামান ও মোস্তাক শাহীনের সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে ১০টি গুলিবিনিময় হয়। সংঘর্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিক আফজাল হোসেনসহ দুই পক্ষের ৪২ জন আহত হয়।