আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর-গুলি, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। গত শনিবার সন্ধ্যায় মোল্লাহাটে যোগাযোগমন্ত্রীর জনসভা শেষে এই সংঘর্ষ হয়।সংঘর্ষের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার এবং দুটি মামলা করেছে পুলিশ।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মোল্লাহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীনুল আলমের নেতৃত্বে দুটি পক্ষ রয়েছে। শনিবার বিকেলে উপজেলার আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় খলিলুর রহমান কলেজের মাঠে জনসভায় বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন।মোতাহার হোসেনের সমর্থকদের জনসভার মঞ্চে উঠতে না দেওয়ার অভিযোগ তুলে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শাহীনুলের সঙ্গে মোতাহারের সমর্থক উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল মুন্সীর বচসা হয়। এর জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে শাহীনুলের দুই ছেলের নেতৃত্বে কয়েকজন চৌরঙ্গী মোড়ে তানজিলকে খুঁজতে যায়। বিষয়টি জানতে পেরে মোতাহার ও তানজিলের সমর্থকেরাও তাঁদের মুখোমুখি হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।প্রায় আধঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ৩০টি ফাঁকা গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন। এঁদের দুজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে এ ঘটনায় মোতাহারের ছেলে আল মামুন (২৮) ও হাসিবুর রহমান (২৩), উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির মোল্লা (৩৫), উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোল্লা (৪২), আওয়ামী লীগের কর্মী ওয়াশিংটন মিঞা (৩৫) এবং রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।মোতাহার ও শাহীনুল সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, সংঘর্ষে কমপক্ষে ৩০টি গুলি ছোড়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের তিনজন সদস্য আহত হন। এ ঘটনায় অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা হয়েছে। ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।