নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের টেকেরবাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
চর কাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সফিউল্লাহ অভিযোগ করেছেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা বিনা উসকানিতে তাঁর প্রচারণায় বাধা দিয়েছেন এবং সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছেন।
অপরদিকে বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তাঁর কার্যালয়ের দিকে তাক করে দীর্ঘ সময় মাইক বাজানোর প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা চালানো হয়।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ গত রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।