আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৩০
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার চরকুমারিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে স্থানীয় একটি বাজারের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।সখীপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরকুমারিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা ও কেন্দ্রীয় যুবলীগের নেতা আলতাফ হোসাইনের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে স্থানীয় মোল্যার বাজারের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় আতঙ্কে বাজারের দুই শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। পরে স্থানীয় থানা ও শরীয়তপুর পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাঁদের ভেদরগঞ্জ, শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্রনাথ মহাপাত্র বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।