আ.লীগের দুই পক্ষের গোলাগুলি সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বাজারের ইজারা নিয়ে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়, সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বালুচরের বাজারের ইজারা নিয়ে গত বছরও দুই পক্ষের সংঘর্ষ হলে ইজারা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে স্থানীয় প্রশাসন বাজারটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাজারের ইজারা নিয়ে বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চান মুন্সীর সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিকের বিরোধ চলে আসছে। গতকাল ছিল ওই বাজারের ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল সকাল নয়টার দিকে আবু বক্কর সিদ্দিকের সমর্থক সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরু বাউল ও তাঁর শতাধিক লোক আগ্নেয়াস্ত্র, টেঁটা, বল্লম, জুইত্যা, সরকিসহ দেশি অস্ত্র নিয়ে বালুচরের মোল্লাবাড়ি এলাকায় আলেক চান মুন্সীর বাড়ি ঘেরাও করেন। এ সময় আলেক চানের পক্ষের শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে নুরু মুন্সীর লোকজন আলেক চান মুন্সীর ঘরসহ আটটি ঘর পুড়িয়ে দেন। এ সুযোগে লুটপাট করে একটি শ্রেণী। স্থানীয় লোকজন জানান, সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে অর্ধশত নারী-পুরুষ আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ আমজাদ হোসেন মুন্সী ও মো. আরিফকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলা ও সংঘর্ষের পেছনে বালুচর ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতা আলেক চান মুন্সী। তিনি বলেন, ‘আমাকে দরপত্র প্রদানে বাধা দিতে আবু বক্কর সিদ্দিকের লোক নুরু বাউল লোকজন নিয়ে হামলা চালায়। তারা আমাদের আটটি ঘর পুড়িয়ে লুটপাট করে। প্রতিরোধ গড়তে গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলিও চালায়।’অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনার জন্য আলেক চান মুন্সীকে দায়ী করেন।অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরু বাউল বলেন, ‘বালুচর বাজারের ইজারার বিষয়টি স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান বসে আগেই মীমাংসা করে দিয়েছেন। কিন্তু আলেক চান মুন্সী তা মানেনি।’ বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘দুই পক্ষের শত শত লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের কেউ কোনো অভিযোগ দেয়নি।’তিনজনের দরপত্র জমা: বালুচর বাজারের ইজারার জন্য গতকাল শেষ পর্যন্ত তিনজন দরপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে বালুচর ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নয় লাখ ৫৩ হাজার টাকা, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন নয় লাখ ৪৫ হাজার টাকা ও আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান নয় লাখ ৫০ হাজার টাকা দর দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের কারণে ইজারার কার্যক্রম বন্ধ ছিল না। তিনজনের মধ্যে বালুচরের চেয়ারম্যান সর্বোচ্চ দর দিয়েছেন। এ বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান।’