আ.লীগের দুই পক্ষের জয়-পরাজয়ের হিসাব-নিকাশ
গণভবনে গত শনিবার আওয়ামী লীগের ফরিদপুরের তৃণমূলের নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মতবিনিময়ের পর জেলায় দলের নেতাদের মধ্যে চলছে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ। জেলা আওয়ামী লীগে প্রবাসীকল্যাণমন্ত্রীর বিরোধী পক্ষ বলছে, এই মতবিনিময়ে তারা লাভবান হয়েছে। আর মন্ত্রী-সমর্থিত পক্ষ বলছে, এখানে জয়-পরাজয়ের কোনো বিষয় নেই। মন্ত্রীবিরোধী পক্ষের নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক বলেন, ‘মতবিনিময়ে আমরা লাভবান হয়েছি। কোন্দলের কারণে তিন বছর ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি কাউকে দেওয়া যাচ্ছিল না। শেখ হাসিনা গঠনতন্ত্র অনুযায়ী সৈয়দ মাসুদকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোসকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে নেত্রী তাঁকে পদ ফিরিয়ে দিয়েছেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রীর পক্ষের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘শনিবার গণভবনে আমরা হেরে গেছি। অমিতাভ বোসকে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে এবং এর সমর্থনে উপস্থিত আট শতাধিক নেতা-কর্মীর মধ্যে আমরা মাত্র সাত-আটজন দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলাম, যা ধোপে টেকেনি।’ এখানে জয়-পরাজয়ের বিষয় নেই—এমন দাবি করে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মোকাররম হোসেন বলেন, ‘আমরা সৈয়দ মাসুদ বা অমিতাভ বোস—কারও বিরোধী নই। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিষয়টি কেন্দ্র বহু আগেই মিটিয়ে ফেলতে পারত। পৌর নির্বাচনে অমিতাভ-বিরোধিতা করছে মর্মে অভিযোগ করেছিলেন ফরিদপুর পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এ জন্যই দল থেকে অমিতাভকে বহিষ্কার করা হয়েছিল। যদিও কেন্দ্র এই বহিষ্কারাদেশের অনুমোদন দেয়নি।’