নোয়াখালীর হাতিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ মেয়র পদে দুজনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। এ নিয়ে দুই পক্ষের কাছ থেকেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আর বিএনপির সম্ভাব্য চার প্রার্থীই নির্বাচনী মাঠে রয়েছেন।
দলীয় নেতা-কর্মীরা জানান, উপজেলা আওয়ামী লীগের এক পক্ষে রয়েছেন বর্তমান সাংসদ আয়েশা আলীর স্বামী মোহাম্মদ আলী। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক সাংসদ। অন্য পক্ষে রয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লা।
মোহাম্মদ আলী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, হাতিয়ায় আওয়ামী লীগের বৈধ কোনো কমিটি নেই। যাঁরা নিজেদের হাতিয়া আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতা দাবি করেন তার কোনো ভিত্তি নেই। দলের নির্বাচিত সাংসদ আয়েশা আলীর পরামর্শ অনুসারে দলীয় সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি বলেন, গত ১৩ নভেম্বর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের নিয়ে একটি বৈঠক করে মেয়র পদে প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এ কে এম ইউসুফ আলীর নাম চূড়ান্ত করা হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে অন্য এক ব্যক্তিকে হাতিয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলে প্রচার করা হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।
মোহাম্মদ আলীর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তাঁরা তো কত কথাই বলে বেড়াচ্ছে। ওই সব কথার কোনো ভিত্তি নেই। হাতিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটির বৈধতা আছে কি না তা জেলা কমিটিই বলতে পারবে, কারণ জেলা কমিটিই উপজেলা কমিটি অনুমোদন করেছে।
মো. মহিউদ্দিন আরও বলেন, গত শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমেদকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা মনোনয়ন দিলে তিনি দলের পক্ষে নির্বাচনে লড়বেন।
অন্যদিকে, বিএনপি থেকে মেয়র পদের প্রার্থী হওয়ার জন্য চারজন আগ্রহী রয়েছেন। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান ওরফে ওয়ারেছ, উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবুল কালাম, ছাত্রবিষয়ক সম্পাদক আমজাদ সাত্তার ও পৌর বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন।
জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মেয়র পদে নির্বাচনে লড়তে চারজন প্রার্থী বর্তমানে মাঠে রয়েছেন। এখনো দলের প্রার্থী চূড়ান্ত হয়নি, আলাপ-আলোচনা চলছে। তবে, প্রার্থী হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।