আ.লীগের দুই পক্ষের দ্বন্দ্ব হামলা, আহত ২
একটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে একটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ হামলায় দুজন আহত হয়।বাগাতিপাড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের ভায়রা ছায়ের আলীর সমর্থকেরা শ্রীরামপুর গ্রামের আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামের ভাই আবদুস সালামের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সালাম ও তাঁর ছেলে ছানোয়ারকে কুপিয়ে জখম করে। তারা ওই বাড়ি থেকে দেড় লাখ টাকার স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।আবদুস সালাম বলেন, ‘আমি স্থানীয় ইসলামপুর দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাদ্রাসার কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করে দিয়েছেন। এই কমিটিতে ছায়ের আলীকে আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদ করায় তাদের লোকজন আমার বাড়িতে এসে হামলা চালায়।’আওয়ামী লীগের নেতা আবুল হোসেন বলেন, ‘আগে আবদুস সালামের ভাই সিরাজুল ইসলাম শ্রীরামপুর গ্রাম কমিটির দলীয় সভাপতি ছিলেন। সম্প্রতি তাঁকে বাদ দিয়ে আমার ভায়রা ছায়ের আলীকে নেতৃত্ব দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ ঘটনাটি ঘটাতে পারে।’