আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ইফতার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ আজ বুধবার পাল্টাপাল্টি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আহবাব চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা পরিষদের মিলনায়তনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে দলের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আব্দুস শহীদের উপস্থিত থাকার কথা। এ ছাড়া দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদসহ আরও কয়েকজন নেতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নওয়াব আলী ওয়াজেদ খাঁন ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফি আহমদ উপজেলা সদরে অবস্থিত কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে একই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে দলের মৌলভীবাজার জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজের উপস্থিত থাকার কথা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মসুদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপস্থিত থাকবেন। উভয় পক্ষ ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার নেতা-কর্মীদের মধ্যে অনুষ্ঠানের চিঠিও বিলি করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। শুনেছি সলমান সাহেব (উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফি আহমদের ডাকনাম) ব্যক্তিগতভাবে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’
তবে এ কে এম শফি আহমদ বলেন, ‘আমাদের আয়োজিত ইফতার মাহফিল প্রকৃত আওয়ামী লীগের। দলের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন কমিটির ত্যাগী নেতা-কর্মীরা তাতে অংশগ্রহণ করবেন। অন্য ইফতার সম্পর্কে আমরা কিছু জানি না।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা মুঠোফোনে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।