রংপুরে যুবলীগের নেতা সাজিদ হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে অভিযুক্ত করার পরিপ্রেক্ষিতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ঘটনায় দলের দুটি পক্ষ পাল্টাপাল্টি সভা করছে।মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এবং মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মোটর শ্রমিক ইউনিয়ন পাল্টা সভা করছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটেরও হুমকি দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।১৬ অক্টোবর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ পারভেজ ওরফে জাদু খুন হন। পরদিন তাঁর লাশ শহরের ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ এলাকা থেকে উদ্ধার করা হয়।এই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বড় ভাই সাঈদ পারভেজ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আসামিদের মধ্যে এম এ মজিদের নাম নেই। কিন্তু মামলার এজাহারে উল্লেখ আছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সঙ্গে নিহত সাজিদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শ্রমিকনেতার মদদে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও শ্রমিকনেতাকে অভিযুক্ত করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার শ্রমিক ইউনিয়ন বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করেছে। এর আগে শুক্রবার রাতে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন, শ্রমিকনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে পরিবহন ধর্মঘটে যাবেন তাঁরা।এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, সাত দিনের মধ্যে আওয়ামী লীগ ও শ্রমিকনেতা এম এ মজিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হবে। হত্যা মামলায় অভিযুক্ত এম এ মজিদ বলেন, এটি একটি ষড়যন্ত্র।এদিকে গত শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান প্রথম আলোকে বলেন, মামলা হয়েছে। এখানে যদি কোনো দলের নেতা জড়িত থাকেন, তাহলেও আইন তার নিজস্ব গতিতে চলবে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘সঠিক তদন্ত সাপেক্ষে যুবলীগের নেতা সাজিদ হত্যার বিচার দাবি করছি। এ ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত আছেন—এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে দলই সিদ্ধান্ত নেবে।’