আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল নগরের পলাশপুর এলাকায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দুটি পক্ষের মধ্যে গত শুক্রবার রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. চান মিয়ার সঙ্গে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর অংশ হিসেবে শুক্রবার দুপুরে দুই পক্ষের সমর্থকের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিটি মেয়র শওকত হোসেন হিরণের ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। রাত আটটায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মো. চান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি জেলা কার্যালয়ে একটি সভায় ছিলাম। আমি বা আমার কোনো লোক ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না। মূলত আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই ওই হামলা চালানো হয়েছে।’মো. হুমায়ুন কবির বলেন, ‘চরের সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে। তবে ছবি ভাঙা হয়নি। সভাপতির সমর্থকদের সঙ্গে ওই হামলা ও সংঘর্ষের ঘটনা হয়েছে।’কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরেই ওই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।