আ.লীগের দুই পক্ষের পৃথক তালিকা কেন্দ্রে
যশোরের ছয়টি পৌরসভার মেয়র পদের জন্য আওয়ামী লীগের তৃণমূল থেকে দুটি পৃথক তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য দুটি তালিকায় ১১ জনের নাম রয়েছে বলে জানা গেছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার আলাদাভাবে দলীয় বৈঠক করে গতকাল সোমবার দুটি তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নের জন্য একটি তালিকা কেন্দ্রে যাওয়ার কথা থাকলেও এই দুই নেতার মধ্যে বিরোধ থাকায় সেটি সম্ভব হয়নি।
সভাপতি শহিদুল ইসলামের তালিকায় যশোর পৌরসভার মেয়র পদের জন্য এস এম কামরুজ্জামান, মনিরামপুরে মাহমুদুল হাসান, কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল, চৌগাছায় নুরুদ্দিন আলম, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু ও নওয়াপাড়া পৌরসভার জন্য সুশান্ত কুমারের নাম রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের তালিকায় নাম রয়েছে যশোরের জন্য জহিরুল ইসলাম চাকলাদার, মনিরামপুরে ফারুক হোসেন, কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল, চৌগাছায় এস এম বাবুল, বাঘারপাড়ায় আবদুর রউফ ও নওয়াপাড়ায় ফারুক হোসেন। এর মধ্যে শুধু কেশবপুর পৌরসভার জন্য দুই তালিকাতে রফিকুল ইসলামের নাম রয়েছে। কারণ, তৃণমূল আওয়ামী লীগের ভোটে রফিকুল আগেই পাস করে মেয়র পদের দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন।
এদিকে গত রোববার রাতে জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সার্কিট হাউস মিলনায়তনে প্রার্থী বাছাইয়ের জন্য জরুরি বৈঠক হয়। বৈঠকে যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাংসদ মনিরুল ইসলাম ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সাংসদ রণজিৎ কুমার রায়সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। একই দিনে দলীয় কার্যালয়ে শাহিন চাকলাদারের নেতৃত্বে দলীয় প্রার্থী বাছাইয়ের আরেকটি বৈঠক হয়। ওই বৈঠকে আওয়ামী লীগের উপজেলা ও শহর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
একটি তালিকা পাঠানো গেল না কেন জানতে চাইলে জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘গত ২৮ নভেম্বর চিঠি দিয়ে পরদিন বেলা ১১টায় দলের বৈঠক ডাকার জন্য সাধারণ সম্পাদক শাহিনকে বলেছি। কিন্তু তিনি বৈঠক ডাকেননি। এদিকে ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর কথা। যে কারণে আমি বাধ্য হয়ে বৈঠক ডেকেছি। ওই বৈঠকে শাহিনকে ডেকেছিলাম। কিন্তু তিনি আসেননি।’
একই প্রশ্নের জবাবে শাহিন চাকলাদার বলেন, ‘সভাপতিকে বৈঠকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি আসেননি। তিনি তাঁর পছন্দের প্রার্থীকে মনোনয়নের জন্য নাম পাঠাবেন বলে দলীয় বৈঠকে আসেননি।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে দলের দুজন নেতা বলেন, দলের এ দ্বন্দ্বের কারণে বিএনপি-জামায়াতের প্রার্থীর পক্ষে ভোটে জেতা অনেকটা সুবিধা হবে।