আ.লীগের দুই পক্ষের বিরোধ, আগুনে পুড়ল নয়টি স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যাওয়া স্থাপনা। গতকালের ছবি l প্রথম আলো
পুড়ে যাওয়া স্থাপনা। গতকালের ছবি l প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেংগুয়া বাজারে গত সোমবার রাতে আগুনে তিনটি বাড়ি ও ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সেংগুয়া বাজারে বিক্ষোভ মিছিল হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মহাদান ইউনিয়নের সেংগুয়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস ছাত্তার তরফদার ও বর্তমান ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত আটটার দিকে আবদুস ছাত্তার তরফদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিপন তরফদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বেগম জহুরা লতিফের সমর্থক মাসুদ মিয়ার সেলুনের দোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ আগুনে মাসুদের দুটি বসতঘর ও সেলুন, কালু মিয়া ও মহিদুলের বসতঘর, লাভলু মিয়া ও শিহাব মিয়ার ওষুধের দোকান, সুলতান মিয়ার কীটনাশকের দোকান, শাহ আলমের কাঠের আসবাবের দোকান, চানু মিয়ার সাইকেল স্টোরের দোকান এবং মুকুলের বৈদ্যুতিক দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে গবাদিপশু ও গৃহপালিত পাখিও দগ্ধ হয়।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, তিনটি বাড়িসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামালসহ আগুনে পুড়ে গেছে। এক ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সেংগুয়া বাজারের ওষুধের দোকানের মালিক লাভলু মিয়া বলেন, ‘আগুনে আমার পাঁচ লাখ টাকার ওষুধ পুড়ে ছাই হয়েছে।’ মাসুদ মিয়া বলেন, ‘রিপন তরফদারের নেতৃত্বে আমার সেলুনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ বলেন, ‘রিপন তরফদারের নেতৃত্বে বাজারে আমার সমর্থকদের তিনটি বসতবাড়ি ও ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য রিপন তরফদার বলেন, ‘আমার লোকজন কারও বাড়িঘরে আগুন দেয়নি। তাঁরা নিজেদের বাড়িঘরে আগুন দিয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ধরনের কাজ যারা করেছে তারা দলের কেউ না। আমি এর নিন্দা জানাই।’

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান গতকাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।